
বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আবুর ইন্তেকাল
পশ্চিম গোমদণ্ডী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত
বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির সাবেক সভাপতি হাজি আবুল কালাম আবু (৬১) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টায় পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
আবুল কালাম আবু ২০০৩ সালে পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালে তিনি বোয়ালখালী পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন। দীর্ঘ ১৮ বছর জনপ্রতিনিধি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আবুল কালাম আবু। তিনি পৌরসভা বিএনপির সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
শোক প্রকাশ
তাঁর মৃত্যুতে পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, বোয়ালখালী বিএনপির সাবেক সভাপতি শওকত আলম, সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, বোয়ালখালী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু আকতার, চট্টগ্রামস্থ বোয়ালখালী সাংবাদিক ফোরামের আহ্বায়ক তৌফিকুল ইসলাম বাবর, সদস্য সচিব মুহাম্মদ নাজিম উদ্দিন, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের, বাণিজ্যিক রাজধানী পত্রিকার সম্পাদক ও দৈনিক ঘোষণা পত্রিকার বোয়ালখালী প্রতিনিধি আলমগীর চৌধুরী রানা।
শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।





