
কদম মোবারক মুসলিম এতিমখানায় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিনিধি: কদম মোবারক মুসলিম এতিমখানা পরিচালনা পর্ষদের উদ্যোগে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) কদম মোবারক মুসলিম এতিমখানার হাজী জালাল উদ্দীন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মেরন সান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লায়ন ড. মো. সানাউল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদম মোবারক মুসলিম এতিমখানার জেনারেল সেক্রেটারি প্রফেসর ডা. ফারভেজ ইকবাল শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী।
এতিমখানার হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ সেলিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ সামির। পরে হল সুপার ও আবাসিক শিক্ষক মোহাম্মদ আবসার উদ্দীন নাতে রাসুল (সা.) পরিবেশন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কদম মোবারক মুসলিম এতিমখানা পরিচালনা পর্ষদের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাজী আলাউদ্দিন আলী নূর। এ সময় আরও বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের প্রচার ও পাঠাগার সম্পাদক ওয়াকিল আহমেদ সিকদার, দাতা সদস্য নুরুল আমিন কবির, সদস্য হাজী শাহ আলম, এস এম সালাহউদ্দিন এবং এতিমখানার তত্ত্বাবধায়ক আবুল কাশেম।
এছাড়া উপস্থিত ছিলেন দাতা সদস্য ও কদম মোবারক শাহী জামে মসজিদের মোতাওয়াল্লী আজাদ উল্লাহ খান, আজীবন সদস্য এম নুরুল হুদা চৌধুরীসহ এতিমখানার আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে লায়ন ড. মো. সানাউল্লাহ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজকের দিনটা আনন্দেরও, কষ্টেরও। তোমরা এই হোস্টেল থেকে বিদায় নিচ্ছো, কিন্তু এটা শেষ নয়, এটা তোমাদের জীবনের নতুন যাত্রার শুরু। পরীক্ষায় ভালো ফলাফলই সব নয়, ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বড়।” তিনি সম্মিলিত প্রচেষ্টায় সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথি প্রফেসর ডা. ফারভেজ ইকবাল শরীফ বিদায়ী শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এবং আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কদম মোবারক মুসলিম এতিমখানায় থেকে তারা অনেক পরিশ্রম করে পড়াশোনা করেছে। তাদের এ পরিশ্রম কখনো বৃথা যাবে না। তিনি শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে প্রতিষ্ঠানের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্যায়ে হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ সেলিম উদ্দীনের পরিচালনায় মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, পরীক্ষায় সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।





