
বোয়ালখালীতে পারিবারিক বিরোধে একাধিক মামলা, হয়রানির অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকায় দীর্ঘদিনের পারিবারিক ও সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে একাধিক মামলা-মোকদ্দমায় হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একটি ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিবারের সদস্যরা মোহাম্মদ মোজাহারুল ইসলাম (পিতা: মৃত আবদুল খালেক), পশ্চিম গোমদণ্ডী ৭ নম্বর ওয়ার্ডের হোসেন তালুকদার বাড়ির বাসিন্দা, তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ উত্থাপন করেন।
লিখিত বক্তব্যে তাঁরা জানান, মোজাহারুল ইসলামের সঙ্গে তাঁর আপন বড় ভাই নুরুল ইসলাম, মনিরুল ইসলামসহ তাঁদের পরিবারের সদস্য এবং চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে পারিবারিক ও সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। তাঁদের অভিযোগ, এ বিরোধের জেরে থানা ও আদালতে একের পর এক মামলা ও অভিযোগ দায়ের করা হচ্ছে। এতে পরিবারের সদস্যরা আর্থিক ক্ষতি, সামাজিক বিব্রতকর পরিস্থিতি ও মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছেন।

সংবাদ সম্মেলনে তাঁদের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলা ও অভিযোগের বিবরণ তুলে ধরা হয়। এর মধ্যে ২০২০ সালে বোয়ালখালী সহকারী জজ আদালতে দায়ের করা দেওয়ানি মোকদ্দমা নং-১১০/২০২০, ১৯ সেপ্টেম্বর ২০২০ তারিখে বোয়ালখালী থানায় দায়ের করা অভিযোগ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মিস মামলা নং-৭১৫/২০২৪, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০২-এ সি.আর মামলা নং-৪০৪/২০২৪, বোয়ালখালী থানার মামলা নং-১৯ (তারিখ: ২৮ অক্টোবর ২০২৪), অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০২-এ জি.আর মামলা নং-১২৪/২০২৪ এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০২-এ সি.আর মামলা নং-৭৩৬/২০২৫ উল্লেখযোগ্য।
পরিবারের সদস্যদের দাবি, এসব মামলা ও অভিযোগের কারণে তাঁরা দীর্ঘদিন ধরে নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। তাঁরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে তাঁরা আরও বলেন, তাঁরা আইন নিজের হাতে তুলে নিতে চান না। বরং প্রকৃত ঘটনা উদ্ঘাটন, পরিবারের জানমাল ও সহায়-সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা এবং চলমান বিরোধের আইনানুগ নিষ্পত্তি চান।
এ সময় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ মোজাহারুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ মহিউদ্দিন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, মনিরুল ইসলাম, বিলকিছ বেগম, মোহছেনা খাতুন, মনোয়ারা বেগম, মোমেনা খাতুন, রিজিয়া বেগম, আবু কালাম, শাহজাহান, মোঃ রুবেল, মো. আকিব, খালেদা বেগম, রুনা আকতার, লিজা আকতার, রুমি আকতার প্রমুখ।





