
হযরত নুরুল ইসলাম নূরীবাবা (রহ.)-এঁর ৫০তম ওরশ উপলক্ষে পটিয়ার খরনায় সেমিনার ২৭ নভেম্বর
নিজস্ব প্রতিনিধি:
ইমামে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত হযরতুল আল্লামা শাহসূফী আবুল মোকারেম মোহাম্মদ নুরুল ইসলাম নূরীবাবা (রহ.)-এঁর বর্ণাঢ্য জীবন, আধ্যাত্মিক দর্শন, দ্বীনি অবদান ও বহুমুখী খেদমত নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চট্টগ্রামের পটিয়াস্থ খরনাতে ‘ইমামে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত হযরত নুরুল ইসলাম (রহ.) সেমিনার ২০২৬’ আয়োজন করা হয়েছে।
আগামী ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, বেলা ৩টায় উপজেলার লালারখীল আইডিয়াল কেজি স্কুল প্রাঙ্গণে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
আহলা দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন ও রাহবারে ত্বরিকত শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব (মাঃজিঃআঃ)-এঁর সদয় সম্মতিক্রমে আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া, খরনা শাখা এ সেমিনারের আয়োজন করেছে।
আগামী ১২ ডিসেম্বর ২০২৬, ২৭শে অগ্রহায়ণ, সুলতানুল মোনাজেরীন হযরত নুরুল ইসলাম নূরীবাবা (রহ.)-এঁর ৫০তম পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। ওরশ শরীফকে সামনে রেখে আয়োজিত এ সেমিনারে তাঁর আধ্যাত্মিক জীবনদর্শন, ধর্মীয় ও সামাজিক অবদান, কর্মময় জীবন এবং মানবকল্যাণে বহুমুখী খেদমতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।
আয়োজক কমিটি জানিয়েছে, হযরত নুরুল ইসলাম। নূরীবাবা (রহ.)-এঁর জীবনাদর্শ, শিক্ষা ও আধ্যাত্মিক দর্শন সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করা এবং তাঁর দ্বীনি অবদানকে স্মরণীয় করে রাখাই এ আয়োজনের মূল লক্ষ্য। সেমিনারে ধর্মীয় ব্যক্তিত্ব, আলেম-ওলামা, শিক্ষাবিদ, সংগঠক ও সুধীজনের উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা।





