ভাষাশহীদদের স্মরণে নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বাসভবনে দোয়া মাহফিল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাসভবনে দোয়া অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার বাদ আসর এই দোয়া অনুষ্ঠিত হয়।এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতি, তাঁর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও‌ শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

নিরাপত্তার কারণে তিনি শহীদ মিনারে যেতে না পারায় গুলশানে নিজ বাসভবনে মিলাদের আয়োজন করেন। এর আগে ভাষাশহীদ এবং বঙ্গবন্ধু ও তাঁর শহীদ পরিবারবর্গের আত্মার মাগফিরাত কামনায় করে কোরআন খতম করা হয়।

মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন‌ স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আবদুল কালাম। মোনাজাতের মাধ্যমেও তাঁদের রুহের মাগফিরাত কামনা করা হয়। দেশের কল্যাণ কামনা করা হয়। দেশের জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

মাতৃভাষা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হন দুদকের সাবেক কমিশনার ও সাবেক সিনিয়র জেলা জজ মো. সাহাবুদ্দিন। এ পদে আর কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাঁকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে। পরে তাঁর নিয়োগসংক্রান্ত গেজেট প্রকাশ করে সরকার।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email