
বোয়ালখালীতে ভ্যাকসিন, টিন, সেলাই মেশিন ও কৃষি উপকরণ বিতরণ
জনগণের নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নই সরকারের লক্ষ্য: এরশাদ উল্লাহ
আলমগীর রানা, বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের আর্থিক ও বস্তুগত সহায়তা প্রদান করছে। সরকারের মূল লক্ষ্য জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিভিন্ন সরকারি সহায়তা ও উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য প্রয়োজনভিত্তিক সহায়তা দেওয়া হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা আরও জোরদার হবে।
অনুষ্ঠানে জলাতঙ্ক প্রতিরোধে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন, ক্রীড়া সামগ্রী, শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন, অসচ্ছল পরিবারের মাঝে ঢেউটিন ও সেলাই মেশিন, পৌরসভার আওতায় জিআর (চাল) বিতরণ করা হয়। পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ধানের বীজ, সার ও ফলজ গাছের চারা এবং মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মৎস্যচাষ প্রদর্শনী খামারের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহনুর ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম এস এম মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





