ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায় জানানো হলো শিক্ষক বিপ্লব সরকারকে
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব সরকারকে রাজকীয় আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গলায় ফুলের মালা পরিয়ে, সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করে ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাঁকে ব্যতিক্রমী আয়োজনে বিদায় জানান শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেলী নোশীন প্রত্যাশা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শওকত আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাহবুবর রশিদ।
এতে বক্তব্য রাখেন প্রলয় চৌধুরী, মুক্তি, সেলিম মাহমুদ, মজুমদার, ছাত্রীদের পক্ষে কান্তা তাওয়ারী, সাংবাদিক সিরাজুল ইসলাম এবং শিক্ষার্থী সম্রাজ্ঞী বড়ুয়া তুশু।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষক বিপ্লব সরকার দীর্ঘদিন ধরে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মময় জীবন, শিক্ষার্থীদের প্রতি স্নেহ-ভালোবাসা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি দায়িত্ববোধ তাঁকে সবার কাছে স্মরণীয় করে রাখবে। একজন আদর্শ শিক্ষক হিসেবে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিদায়ী শিক্ষককে রাজকীয় আয়োজনে বিদায় জানানো। এ সময় তাঁর গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হয়। প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, বিভিন্ন উপহারসামগ্রী ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পরে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাঁকে বিদায় জানানো হয়। ব্যতিক্রমী এ আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় প্রাক্তন শিক্ষার্থী হাজী আবু আকতার, শহীদুল্লাহ চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিক্ষক বিপ্লব সরকারের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে আয়োজিত এ রাজকীয় বিদায় সংবর্ধনা উপস্থিত সবার মনে এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ আলমগীর চৌধুরী (আলমগীর রানা) । 01819-393591 উপদেষ্টামণ্ডলি : আলহাজ্ব মো. নাছির উদ্দিন চৌধুরী। আইন উপদেষ্টা: ব্যারিস্টার মনোয়ার হোসেন। সম্পাদকীয় কার্যালয়: ৭৩/৯ নূর মুহাম্মদ মার্কেট (৩য় তলা), টেরীবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: 01813-295129, [email protected], [email protected]
Copyright © 2026 বাণিজ্যিক রাজধানী. All rights reserved.