
বোয়ালখালীতে আকাশ টিউটোরিয়্যাল হোমের সায়েন্স ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত, ২১ গ্রুপের অংশগ্রহণ
বোয়ালখালী প্রতিনিধি : শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে চট্টগ্রামের বোয়ালখালীতে আকাশ টিউটোরিয়্যাল হোমের উদ্যোগে ‘সায়েন্স ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আকাশ টিউটোরিয়্যাল হোমের মাঠে এ সায়েন্স ফেয়ার ২০২৬ আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের ২১টি গ্রুপ বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক ধারণা উপস্থাপন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।
বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নৌশীন প্রত্যাশা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, প্রত্যাশীর মাইক্রোফাইন্যান্স বিভাগের পরিচালক মো. নাছিম হায়দার এবং প্রত্যাশীর চেয়ারম্যান মনোয়ারা সিদ্দিকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকাশ টিউটোরিয়্যাল হোমের প্রতিষ্ঠাতা ও প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, সাংবাদিক আলমগীর চৌধুরী রানা, সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম, আকাশ টিউটোরিয়্যাল হোমের শিক্ষক লুৎফুন্নাহার, দিলরুবা আক্তার, শিল্পী চৌধুরী, মোহাম্মদ মিনহাজুল ইসলাম, মোহাম্মদ তারিফুল ইসলাম ফাহিম, বিবি হালিমা ও চৈতী বিশ্বাসসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

সায়েন্স ফেয়ার-এ অংশগ্রহণকারী ২১টি গ্রুপের মধ্যে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ‘VOLCANO ERUPTION’, দ্বিতীয় স্থান অর্জন করে ‘BLOOD GROUP TEST’ এবং তৃতীয় স্থান অর্জন করে ‘SMART CITY’ প্রকল্প।
শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ করে দেয় এ আয়োজন। এ ধরনের সায়েন্স ফেয়ার শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করার পাশাপাশি ভবিষ্যতে নতুন নতুন উদ্ভাবনে উৎসাহ জোগাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।





