সাতগাছিয়া দরবার শরীফের খলিফা মাওলানা শামসুল আলমের দাফন সম্পন্ন

সাতগাছিয়া দরবার শরীফের খলিফা মাওলানা শামসুল আলমের দাফন সম্পন্ন

ঐতিহ্যবাহী পটিয়া সাতগাছিয়া দরবার শরীফের আধ্যাত্মিক সাধক হযরত শাহসুফি মাওলানা ছৈয়দ মোহাম্মদ আবুল খায়ের সুলতানপুরী (ক.) এঁর খলিফা, বোয়ালখালীর পূর্ব গোমদণ্ডী নিবাসী আলেমে দ্বীন, সেবাখোলা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, হযরতুলহাজ্ব শাহসুফি মাওলানা শামসুল আলম আল্ কাদেরী প্রকাশ কালো শামসু হুজুর (৭৮) গত ৫ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।

তিনি স্ত্রী, চার কন্যা, একপুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ নিজ বাড়ি আমীর মোহাম্মদ সুবেদার বাড়ি জামে মসজিদে সকাল ১১টায় মরহুমের প্রথম নামাজে জানাজা, পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মাঠ প্রাঙ্গণে বাদ জুমা দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন সাতগাছিয়া দরবার শরীফের সৈয়দ আবুল মকছুম মোহাম্মদ ফয়েজ উল্লাহ সুলতানপুরী। জানাজা শেষে সাতগাছিয়া দরবার শরীফের কবরস্থানে দাফন করা হয়। তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করেন পূর্ব হাইদগাঁও মোজাহেরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আশেকানে গাউছিয়া সুলতানপুরী কেন্দ্রীয় পরিষদ বাংলাদেশ, গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ‘৯৯ ব্যাচসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী, বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email