
৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬’। শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, মনোযোগ, ধৈর্য ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
শনিবার (২৪ অক্টোবর) বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী ও শ্রেণি-পেশার প্রায় ৪০০ দাবাড়ু অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য শওকত আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম ও মো. জামাল উদ্দিন। প্রতিযোগিতা পরিচালনা করেন প্রকৌশলী এস এম তারেক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দাবা শুধু একটি খেলা নয়; এটি বুদ্ধিবৃত্তিক বিকাশ, বিশ্লেষণী চিন্তা, মনোযোগ ও শৃঙ্খলাবোধ চর্চার অন্যতম মাধ্যম। দাবা খেলার মাধ্যমে শিক্ষার্থীরা ধৈর্য ধারণ, প্রতিপক্ষের চাল বিশ্লেষণ এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা অর্জন করতে পারে।
তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং তরুণ প্রজন্মকে মাদকাসক্তি ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে গঠনমূলক কার্যক্রমে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলা ও বুদ্ধিবৃত্তিক চর্চার প্রসার ঘটলে তরুণদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ইতিবাচক সামাজিক মূল্যবোধ গড়ে উঠবে।
প্রতিযোগিতায় প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বোয়ালখালীতে দাবার প্রতি আগ্রহ ও সম্ভাবনার ইতিবাচক দৃষ্টান্ত তুলে ধরেছে। আয়োজকেরা প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে অংশগ্রহণকারী দাবাড়ু, অভিভাবক, শিক্ষক, স্বেচ্ছাসেবক, সংশ্লিষ্ট কর্মকর্তা, সহযোগী প্রতিষ্ঠান ও গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার ধারাবাহিকতায় বোয়ালখালীতে দাবার চর্চা আরও জনপ্রিয় হবে এবং নতুন প্রজন্মের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশের সুযোগ সম্প্রসারিত হবে।
স্লোগান: চাল হোক বুদ্ধির, জয় হোক মেধার!





