চট্টগ্রাম ৮ আসন (বোয়ালখালী- চান্দগাঁও- পাঁচলাইশ, বায়েজিদ আংশিক)

বোয়ালখালীতে উৎসব মুখর পরিবেশে ভোট দিলেন ভোটাররা

চট্টগ্রাম ৮ আসন (বোয়ালখালী- চান্দগাঁও- পাঁচলাইশ, বায়েজিদ আংশিক)
বোয়ালখালীতে উৎসব মুখর পরিবেশে ভোট দিলেন ভোটাররা

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম-৮ আসনে বোয়ালখালী উপজেলার ৮২টি কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোট অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের কঠোর নজরদারী ও তৎপর ছিলো আইন শৃঙ্খলা বাহিনী।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে উপজেলার প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল সাড়ে চারটায় ভোট গ্রহন শেষ হয়।
সকাল থেকে উপজেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভোটারদের দীর্ঘ লাইন। এসব কেন্দ্রগুলোতে মহিলা ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। কেন্দ্রগুলোতে সংখ্যালঘু ভোটারদের উপস্থিতিও ছিলো ব্যাপক। তবে বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে কমতে থাকে ভোটারের উপস্থিতি। অনেকগুলো কেন্দ্রে অসুস্থ ও বয়ষ্কদের ভোট দিতে দেখা গেছে।

 

সকাল ৯টায় পোপাদিয়া শহীদ রফিক স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারের লাইন। মহিলা ভোটারের উপস্থিতি ছিলো বেশি। এ কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৩২০৩ জন। সকাল ৯টা পর্যন্ত কাস্টিং হয়েছে ১৫৪ ভোট।
এ কেন্দ্রে সকাল ১০টার দিকে চট্টগ্রাম ৮ আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আবু নাসের ভোট প্রদান করেন। তিনি সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

 

এর আগে সকাল সাড়ে ৮টার সময় আহলা করলডেঙ্গা ইউনিয়নের এফ আর নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মনোনীত প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক।

সকাল ১১ টায় উপজেলার আকুবদন্ডী ওয়ারেছ মোহছেনা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের দীর্ঘ লাইন। হুইল চেয়ারে বসে ভোটের লাইনে অপেক্ষমান প্যারালাইসিস রোগী বিপ্লব বিশ্বাস (৬০)।

 

সকাল সাড়ে ১১ টায় উপজেলার জৈষ্ঠ্যপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯০ বছর রয়সী ছবি রানী সেন নাতীনের কাঁধে ভর করে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হতে দেখা যায়। কথা হয় তাদের সাথে। নাতনী শিবাশ্রী সেন বলেন, বিগত নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের পরিবেশ ভালো ছিলো। গণভোটও দিয়েছি।

বিকেল ৩টায় উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রায় ভোটার শূন্য। এ কেন্দ্র থেকে ভোট দিয়ে বের হচ্ছিলেন ৯৪ বছরে বয়সী আবদুর রাজ্জাক। ভোট দেয়ার আনন্দে তিনি কেঁদে ফেলেন। কান্না জড়িত কন্ঠে তিনি এই প্রতিবেদককে বলেন, গত সতেরা বছরে ভোট সেন্টারে আসতে পারিনি। বেঁচে আছি তাই এইবার ভোট দিতে পারলাম। মনে হয় এটাই আমার জীরনের শেষ ভোট।

 

বিকেল সাড়ে টায় উপজেলা সদরের গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার জানান, ৬টি কক্ষে মোট ভোটার ২,৯৮৫ জনের মধ্যে ভোট পড়ে ১,৬৩৯ টি।
এ কেন্দ্রে কথা হয় প্রথমবার ভোট দিতে আসা সিফাতুন নূর রাইয়ানের সাথে, তিনি প্রতিবেদককে বলেন, ভোটের কথা শুনেছি, এই প্রথমবার ভোট দিয়েছি। কাল থেকে টেলিভিশনের সংবাদ দেখে চিন্তায় ছিলাম ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা। কিন্তু এখানে ভোটের পরিবেশ অনেক ভালো ছিলো। ভোট দিতে পেরে নিজের কাছে অনেক ভালো লেগেছে।

দিনভর বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সকাল ১১টার দিকে খরণদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসা কেন্দ্রে মো. আবু বক্কর নামের এক যুবককে আটক করে সেনাবাহিনী।
তিনি নিজ ভোট প্রদানের পর অন্য ভোটারকে ভোট প্রয়োগে সহযোগিতার সন্দেহে আটক করা হয় বলে জানিয়েছেন, কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মাহবুব ইসলাম।

 

সকালে আমুচিয়া ইলিপসিস স্কুল কেন্দ্রে ভুল ভোটার নম্বর বলে ভোট দিতে গিয়ে ফরহাদ নামের এক যুবক আটক হন পুলিশের হাতে। পরে সঠিক ভোটার নাম্বার দিয়ে ভোট দেন তিনি।

বিকেল ৩টার দিকে আমুচিয়া ইউনিয়নের কানুনগোপাড়া অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংলগ্ন বান্ধব পাঠাগার কেন্দ্রের বাইরে অপপ্রচারের দায়ে এক ব্যক্তিকে আটক করে সেনাবাহিনী। জানা গেছে, লোকটি কেন্দ্রে নিজে ভোট প্রদানের পর প্রচারণা চালায় যে ব্যালেট পেপার শেষ হয়ে গেছে।

দিনভর বিভিন্ন অভিযোগে আটককৃতদের সতর্ক করে বিকেলে ছেড়ে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মেহেদী হাসান ফারুক এই প্রতিবেদককে বলেন, শুরু থেকেই আমার লক্ষ্য ছিলো অবাদ ও নিরপেক্ষভাবে নিরাপত্তার চাদরে ঢেকে এ নির্বাচনকে সম্পন্ন করার। সকলের সহযোগিতায় আমি তা করতে সক্ষম হয়েছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email