বোয়ালখালী উপজেলা পরিষদ উপ-নির্বাচন

‘প্রার্থীতায় আশার প্রতিফলন না হওয়ায় প্রার্থী হয়েছি- স্বতন্ত্রপ্রার্থী মিজান’

বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থিতায় উপজেলাবাসীর আশার প্রতিফলন না হওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী এসএম মিজানুর রহমান।

২২ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৫টায় উপজেলা বিআরডিবি হলরুমে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মিজানুর রহমান এ কথা বলেন।

তিনি বলেন, বোয়ালখালী বিপ্লবীদের সূতিকাগার। দেশের কল্যাণে এ উপজেলার শান্তিপ্রিয় মানুষের ভূমিকা ও অবদান ঐতিহাসিক। কিন্তু বর্তমানে একটি মহল অর্থের প্রভাবে জনগণের আশা আকাঙ্খাকে কেড়ে নিচ্ছে। উপজেলাবাসীর আশার প্রতিফলন ঘটানোর সংকল্প নিয়ে নির্বাচন করার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছি।

স্বতন্ত্রপ্রার্থী এসএম মিজানুর রহমান বোয়ালখালী পৌরসভার কধুরখীল ১নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তিনি পৌর প্যানেল মেয়রের দায়িত্বও পালন করেছেন। এছাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান, জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের পরিচালক এর দায়িত্ব পালন করেছেন।

স্বতন্ত্রপ্রার্থী এসএম মিজানুর রহমানসহ এ উপ-নির্বাচনে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম, ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও স্বতন্ত্রপ্রার্থী কাজী আয়েশা ফারজানা।

তফসিল অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার, ২৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ ও ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email