বোয়ালখালীতে নব বর্ষবরণ: প্রশাসনের জমকালো আয়োজন

বোয়ালখালীতে নব বর্ষবরণ: প্রশাসনের জমকালো আয়োজন

বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে জমকালো আয়োজনের মধ্যদিয়ে ১৪৩৩ বাংলা নব বর্ষবরণ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় দিনব্যাপী বর্ষবরণ উৎসব। এতে স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক, শ্রমিক, জেলে, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন ও শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো এলাকা আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

দিবসটি পালন উপলক্ষে সকাল ৯টায় উপজেলার কেন্দ্রস্থল থেকে এক বর্ণাঢ্য বৈশাখি শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির নানান রূপে রঙিন মুখোশ, বাঁশি ব্যানার, বৈশাখী পোশাক এবং ঢাক-ঢোলের তালে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপর গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় বাঙালির ঐতিহ্যবাহী খেলাধুলা—রশি টানাটানি ও হাড়ি ভাঙা প্রতিযোগিতা। পরে উপজেলা চত্বরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা। এতে স্থানীয় শিল্পী, শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।

 

উৎসবকে আরও বর্ণিল করে তোলে বাংলা গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গের প্রদর্শনী—পটচিত্র, আলপনা এবং ঢাকের বাদ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

এমপি এরশাদ উল্লাহ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচিত করায় এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে।” সাংস্কৃতিক অনুষ্ঠানের পর আয়োজন করা হয় পান্তা উৎসব ও ব্যতিক্রমধর্মী পিঠা উৎসব। এতে স্থানীয় নারীরা বিভিন্ন ধরনের পিঠা ও দেশীয় খাবার প্রস্তুত করেন।

 

দিনব্যাপী এ আয়োজনে পরিবার-পরিজন নিয়ে অংশ নিতে আসেন শত শত মানুষ। বর্ষবরণ উপলক্ষে পুরো উপজেলা চত্বরে বিরাজ করে এক উৎসবমুখর পরিবেশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email