
দীর্ঘ ১৬ বছর পর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু আজ
বোয়ালখালীতে প্রাথমিক বৃত্তির ১ম দিনের বাংলা পরীক্ষায় অনুপস্থিত ৩০৫ জন শিক্ষার্থী
বোয়ালখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
দীর্ঘ ১৬ বছর পর আজ থেকে সারাদেশে একযোগে ২০২৫ সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষা চলে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সূচি অনুমোদন করা হয়। পরবর্তীতে অধিদপ্তরের নির্দেশনায় বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়।
সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা ধরে চলবে।
তবে দেশের তিন পার্বত্য জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব জেলায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে সেখানে বৃত্তি পরীক্ষা শেষ হবে।
এদিকে, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এর আগে, ২০০৮ সালে সর্বশেষ পূর্ণাঙ্গ প্রাথমিক বৃত্তি পরীক্ষা হয়েছিল বাংলাদেশে। ২০০৯ সাল থেকে ‘প্রাথমিক শিক্ষা সমাপনী’ (পিইসি) পরীক্ষা শুরু হওয়ায় আলাদা করে এই পরীক্ষাটি বন্ধ হয়ে যায়। মাঝে ২০২২ সালে পরীক্ষামূলকভাবে একবার এই পরীক্ষা নেওয়া হলেও পরবর্তী বছরগুলোতে তা আবার স্থগিত ছিল।
সারাদেশের ন্যায় একযোগে বোয়ালখালীতেও প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বোয়ালখালীতে প্রাথমিক বৃত্তির ১ম দিনের বাংলা পরীক্ষায় অনুপস্থিত ৩০৫ জন শিক্ষার্থী।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে বুধবার (১৫ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত স্মারক নং: উশিঅ/বোয়া/চট্ট/২০২৬-২৮৫ এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর উপস্থিত, অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা জানানো হয়।
বোয়ালখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: হারুন উর রশীদ জানান, ১ম দিন বাংলা পরীক্ষায় বোয়ালখালী উপজেলার প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ০২ (দুই) টি কেন্দ্রের উপস্থিত, অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যায় দেখা যায়, উপজেলার মোট পরীক্ষার্থী সংখ্যা ১০৬৯ জন। তন্মধ্যে উপস্থিত ছিলেন ৭৬৪ জন। অনুপস্থিত ছিলেন ৩০৫ জন।
কেন্দ্র-১ গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৪৭ জন, ছাত্র সংখ্যা ২৪৯ জন, ছাত্রী সংখ্যা ৩৯৮ জন। মোট উপস্থিত ছাত্রছাত্রী সংখ্যা ৪৪৫ জন, ছাত্র সংখ্যা ১৬৩ জন, ছাত্রী সংখ্যা ২৮২জন। অনুপস্থিত ছাত্র সংখ্যা ৮৬ জন, ছাত্রী সংখ্যা ১১৬ জন, মোট অনুপস্থিত ছাত্রছাত্রী সংখ্যা ২০২ জন। বহিস্কৃত সংখ্যা ০ (শূন্য) জন।
কেন্দ্র-২ কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪২২ জন, ছাত্র সংখ্যা ১৫৪ জন, ছাত্রী সংখ্যা ২৬৮ জন। মোট উপস্থিত ছাত্রছাত্রী সংখ্যা ৩১৯ জন, ছাত্র সংখ্যা ১১৭ জন, ছাত্রী সংখ্যা ২০২জন। অনুপস্থিত ছাত্র সংখ্যা ৩৭ জন, ছাত্রী সংখ্যা ৬৬ জন, মোট অনুপস্থিত ছাত্রছাত্রী সংখ্যা ১০৩ জন। বহিস্কৃত সংখ্যা ০ (শূন্য) জন। ইংরেজি মাধ্যমে (২+৫) ০৭জন পরীক্ষার্থী। অনুপস্থিতি নাই।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ উপলক্ষে বোয়ালখালী উপজেলার দুটি কেন্দ্র পরিদর্শন করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক।
তিনি বলেন, এ বছর বোয়ালখালী থেকে মোট ১০৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে, যেখানে উপজেলার ১৪১টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ—শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।





