
বোয়লখালীতে রিকশা চালকের ওপর হামলাকারী গ্রেফতার, ধামা উদ্ধার
বোয়ালখালী প্রতিনিধি, চট্টগ্রাম :
চট্টগ্রামের বোয়ালখালীতে রিকশা চালক আবদুল নবীকে (৫০) কুপিয়ে রিকশা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত রিগ্যান বিশ্বাসকে (৩৫) নগরীর মোগলটুলি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত রিগ্যান বিশ্বাস কধুরখীল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বৈদ্য বাড়ির স্বপন বিশ্বাসের ছেলে। সে এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড ঘটিয়ে আসছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। হামলার পরপরই রিগ্যান বিশ্বাস চরণদ্বীপ এলাকায় ছিনতাই করা রিকশাটি রেখে পালিয়ে যায়।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা বলেন, রিগ্যান বিশ্বাস এ ঘটনায় জড়িত থাকার বিষয়টি প্রত্যক্ষদর্শী ও এলাকার সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে নামে।
নগরীর মোগলটুলি এলাকায় রিগ্যান অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার কৌশলে তাকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী তার এক আত্মীয়ের বাসা থেকে ঘটনায় ব্যবহৃত ধারালো ধামাটিও উদ্ধার করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৪ জুন) দিন দুপুরে কধুরখীল খোকার দোকান এলাকায় বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী মুন্সিপাড়ার বাসিন্দা রিকশা চালক আবদুল নবীকে কুপিয়ে রিগ্যান রিকশা নিয়ে পালিয়ে গিয়েছিলো।
এঘটনায় শুক্রবার আবদুল নবীর স্ত্রী রোজী আকতার বাদী হয়ে রিগ্যানকে প্রধান আসামি করে এবং অজ্ঞাত আরও একজনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেন।
গুরুতর আহত আবদুল নবী নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় বোয়ালখালীসহ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মূল আসামি রিগ্যানকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারের পর আজ শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে বলে জানান তিনি।





