অসহায় সোনালী দাসের স্বামী পেলেন ‘সুবর্ণ নাগরিক কার্ড’

বোয়ালখালীতে কধুরখীল ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় সোনালী দাসের স্বামী পেলেন ‘সুবর্ণ নাগরিক কার্ড’

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে কধুরখীল ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় সোনালী দাসের স্বামী পেলেন ‘সুবর্ণ নাগরিক কার্ড’।
পৌরসভার পশ্চিম কধুরখীল ১ নম্বর ওয়ার্ডের কৈবর্ত্যপাড়া এলাকার অসহায় সোনালী দাসের পরিবার অবশেষে সরকারি সহায়তার আওতায় এসেছে। দীর্ঘ আট বছর ধরে অসুস্থ স্বামী নির্মল চন্দ্র দাসকে নিয়ে মানবেতর জীবনযাপন করা এই পরিবারকে সুবর্ণ নাগরিক কার্ড ও এক বছরের সরকারি ভাতার অর্থ প্রদান করা হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সোনালী দাস ও তার স্বামী নির্মল চন্দ্র দাসের হাতে এক বছরের ভাতা বাবদ ১০ হাজার ৮০০ টাকা এবং সুবর্ণ নাগরিক কার্ড তুলে দেওয়া হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ জানান, গণমাধ্যমে পরিবারটির দুর্দশার খবর প্রকাশের পর বিষয়টি তাদের নজরে আসে। পরে স্থানীয় সামাজিক সংগঠন ‘কধুরখীল ইসলামী সমাজ কল্যাণ সংস্থা’র সহযোগিতায় পরিবারটির বাড়িতে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করা হয় এবং তাৎক্ষণিক খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হয়।
তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সহযোগিতায় নির্মল চন্দ্র দাসকে বিশেষ সক্ষম ব্যক্তি হিসেবে শনাক্ত করে সুবর্ণ নাগরিক কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে তাকে সরকারি আর্থিক অনুদান ও বছরব্যাপী সহায়তা কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়।
সরকারি সহায়তা হাতে পেয়ে সোনালী দাস বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ার পর তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। এখন সরকারি সহায়তা পাওয়ায় স্বামীর চিকিৎসা চালিয়ে যেতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
কধুরখীল ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন সোনালী দাসের মতো অসহায় পরিবারের চিকিৎসা ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করতে সরকারসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email