
বোয়ালখালীতে মোবাইল কোর্ট, ৬ মামলায় ৫৮ হাজার টাকা জরিমানা
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে ওজন ও পরিমাপ মানদণ্ড এবং বিএসটিআই আইনসহ বিভিন্ন আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি মামলায় ৬ জনকে মোট ৫৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ফুলতল ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
অভিযানে বিএসটিআই ও রাষ্ট্রের পক্ষে প্রসিকিউশন পরিচালিত হয়। মোট ৬টি মামলায় ৬ জন ব্যক্তিকে বিভিন্ন আইনের ধারায় অর্থদণ্ড দেওয়া হয়।
এর মধ্যে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-এর ২৪(১) ধারায় ৫ হাজার টাকা, বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসেবে দরবার ফুড প্রোডাক্টস, কসমিক ফুড প্রোডাক্টস ও শাহ আমানত বেকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে মোট ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযানে কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।





