
লাভ বাংলাদেশ পার্টি চট্টগ্রাম মহানগরের ইফতার ও দোয়া মাহফিল
রমজানের শিক্ষা ধারণ করে মানবকল্যাণে কাজ করার আহ্বান
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে লাভ বাংলাদেশ পার্টি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) নগরীর চকবাজারস্থ কুটুমবাড়ি রেস্তোরাঁয় আয়োজিত এ মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরের সভাপতি লেখক-সাংবাদিক আবদুল্লাহ মজুমদার ।
নগর সম্পাদক শাহজালাল-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট, বর্ষীয়ান সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতি বিশ্লেষক অ্যাডভোকেট মোস্তাফা নুর, এডভোকেট নুর আলম, লেখক-গবেষক মোঃ কামাল উদ্দিন, রাজনীতি বিশ্লেষক ও সাংবাদিক ওচমান জাহাঙ্গীর, সাংবাদিক মনির চৌধুরী, ইতিহাসবেত্তা লেখক-সংগঠক সোহেল মোহাম্মদ ফখরুদ-দীন, লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম উল্লাহ, ফিরোজ চৌধুরী, এনসিপি’র কেন্দ্রীয় শ্রমিক নেতা আতিকুর রহমান আতিক, সাংবাদিক ও কেন্দ্রীয় সদস্য মৌলানা নুর মোহাম্মদ, সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, ব্যবসায়ী ও সাংবাদিকরা।
প্রধান অতিথির বক্তব্যে বর্ষীয়ান সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। এই মাসে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি আরো বলেন, রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে সমাজে ন্যায়, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, রমজান কেবল ইবাদতের মাসই নয়, এটি মানবিকতা ও নৈতিকতার চর্চার মাস। সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
ইফতার মাহফিলে মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিশিষ্ট আলেম-ওলামা, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।





