বাহরাইনে নিহত মহসিনের কন্যার উচ্চশিক্ষা নিশ্চিত:

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষে সাড়ে আট লক্ষ টাকার বৃত্তি দিলেন এমপি সাঈদ আল নোমান

বাহরাইনে নিহত মহসিনের কন্যার উচ্চশিক্ষা নিশ্চিত: প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষে সাড়ে আট লক্ষ টাকার বৃত্তি দিলেন এমপি সাঈদ আল নোমান

ইসরাইল-ইরান যুদ্ধের সময় বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে নিহত প্রবাসী বাংলাদেশি আবুল মহসিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

২৬ মার্চ (বৃহস্পতিবার) নিহতের একমাত্র কন্যা তাসনিম তামান্নার ভবিষ্যৎ শিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে এমপি সাঈদ আল নোমানের ব্যক্তিগত তহবিল হতে সাড়ে আট লক্ষ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়াশোনার জন্য নগদ ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে। এছাড়া উচ্চ শিক্ষা নিশ্চিত করার জন্য অফার লেটারের মাধ্যমে অবশিষ্ট আট লক্ষ টাকা প্রদানের ব্যবস্থা করা হয়।

এ সময় এমপি সাঈদ আল নোমান বলেন, “মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা নিহত আবুল মহসিনের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তার একমাত্র কন্যা তাসনিম তামান্নার ভবিষ্যৎ যেন থেমে না যায়—সেই লক্ষ্যেই এই শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আমি তার সম্পূর্ণ শিক্ষার দায়িত্ব গ্রহণ করেছি। আমি বিশ্বাস করি, শিক্ষা একজন মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। তাসনিম তামান্না যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।”

এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য মোশারফ হোসেন ডিপ্টি, জাহাঙ্গীর আলম, শহীদ মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ শরীফুল ইসলাম, মোঃ আফসার, মোঃ আলমগীর, ইবনুল হাসান, আলী হায়দার, আনোয়ার হোসেন আরজু, সাঈদুল সওদাগর, মোহাম্মদ শফিক প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email