বোয়ালখালীতে নির্বিচারে পাখি মারার দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ডসহ নগদ টাকা জরিমানা

বোয়ালখালীতে নির্বিচারে পাখি মারার দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ডসহ নগদ টাকা জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়ায় নির্বিচারে পাখি মারার অপরাধে মো. বাচা মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত বাচা মিয়া একই এলাকার নুরুল ইসলামের ছেলে।

বুধবার (১৫ এপ্রিল ) বিকেলে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঈশ্বর ভট্টের বাজার এলাকায় এ আদালত পরিচালনা করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক।

তিনি বলেন, ঈশ্বর ভট্টের বাজার এলাকায় একটি তালগাছে বাবুই পাখির বাসা ছিল। ক্ষেতের ফসল নষ্ট করার অজুহাতে ক্ষুব্ধ হয়ে তালগাছ থেকে ২৭টি বাসা ভেঙে অন্তত ৩০ টির মতো পাখির বাচ্চা মেরে ফেলে এবং বেশ কিছু ডিম নষ্ট করে ফেলে বাচা মিয়া।

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঘটনাস্থল হতে নষ্টকৃত পাখির বাসা, মৃত বাচ্চা ও ডিমসহ বাচা মিয়াকে আটক করে। পরে পাখি শিকারের দায়ে মো. বাচা মিয়া বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৮ ধারা লঙ্ঘন করায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে সহযোগিতা করেন বন্য প্রাণী সংরক্ষণ কর্মী ছিদ্দিকুর রহমান রাব্বি, ওয়াইল্ড স্নেকস রেসকিউটিম বাংলাদেশের প্রতিনিধি আমীর হোসেন শাওন ও সদস্য অয়ন মল্লিক।

এসময় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে অভিযুক্তকে শাস্তি দেওয়া হয়েছে।  পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহবান জানান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ফারুক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email