
বোয়ালখালী থানায় টিউবওয়েল চুরির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার
বোয়ালখালী উপজেলা প্রতিনিধি (চট্টগ্রাম):
বোয়ালখালী থানায় টিউবওয়েল চুরির ঘটনায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
শনিবার (৯ মে) আনুমানিক সন্ধ্যা ৭ টায় বোয়ালখালী পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ পূর্ব গোমদন্ডী সরকার বাড়ীর বসত ঘরের পিছন থেকে অজ্ঞাতানামা চোরেরা ব্যবসায়ী সত্যজিত সরকার ও চাকুরীজীবি অভিজিত সরকার এর দুটি চাপাকল চুরি করে নিয়ে যায়।
এই চুরির ঘটনায় সত্যজিত সরকার বাদি হয়ে বোয়ালখালী থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করেন। ডিডিতে তিনি উল্লেখ করেন “আমি পেশায় একজন ব্যবসায়ী। আমি উপরোক্ত বর্ণিত ঠিকানায় স্ব-পরিবারে বসবাস করে আসছি। আমার বসত ঘরের পিছনে আমার ও আমার চাচাত ভাই অভিজিত সরকার(৩৭) এর দুইটি টিউবওয়েল আছে, যাহার মূল্য অনুমান ৩০,০০০ টাকা।
ঘটনার দিন সন্ধ্যায় অনুমান ৭টার সময় আমি বসত ঘর হতে বাহির হই। তখন বসত ঘরে আমার স্ত্রী, সন্তান অবস্থান করছিল এবং বসত ঘরের পিছনের দুইটি টিউবওয়েল যথাস্থানে ছিল। পরবর্তীতে সন্ধ্যা অনুমান সোয়া ৭টার সময় আমার স্ত্রী টুম্পা সরকার বসত ঘরের পিছনে গিয়ে দেখতে পায়, আমার বসত ঘরের পিছনে থাকা দুইটি টিউবওয়েল আর নাই। পরবর্তীতে আমার স্ত্রী আমাকে ফোন করে উক্ত বিষয়টি অবগত করেন। আমি বাড়িতে ফিরে বিষয়টি নিশ্চিত হয়ে বোয়ালখালী থানায় একটি সাধারণ অভিযোগ দায়ের করি।”
তিনি আরো জানান, এলাকায় ছিঁচকে চোরের উপদ্রব বেড়ে গেছে। উপজেলা ও পৌর সদরে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ উদ্বেগ উৎকন্ঠায় দিনাতিপাত করছেন প্রতিনিয়ত। এই বিষয়ে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।





