
শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে মিলল ৬ লাখ ৪৫ হাজার টাকা
বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার ৬ লাখ ৪৫ হাজার টাকা পাওয়া গেছে।
রোববার (২৮ জুন) দিনব্যাপী মসজিদ প্রাঙ্গণে দানবাক্স খোলা ও টাকা গণনার কাজ সম্পন্ন করা হয়। পরে গণনাকৃত অর্থ মসজিদের ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মসজিদের মোতোয়াল্লি মো. নুরন্নবী চৌধুরী।
তিনি জানান, প্রতি তিন মাস পরপর প্রশাসনের উপস্থিতিতে মসজিদের দানবাক্স খোলা হয়। এরপর গণনা শেষে প্রাপ্ত অর্থ মসজিদের ব্যাংক হিসাবে জমা রাখা হয়।
টাকা গণনাকালে উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুল হক আলকাদেরী, মসজিদের ইমাম মাওলানা আব্দুল মুত্তালিব, মুয়াজ্জিন মো. এয়াকুব আলী, এএসআই আব্দুল হালিম, পুলিশ সদস্য মো. ইকবাল, ব্যাংকার আব্দুল হাকিম, মো. এরশাদ উল্লাহ, মো. জাবের, মুসল্লি আনোয়ার হোসেন, আবুল হোসেন, মো. জসিম উদ্দিন, মো. জুয়েল, মো. বাদশা ও মো. সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়দের মতে, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ মসজিদে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি নামাজ আদায় ও দান করতে আসেন। ফলে প্রতি দফায় দানবাক্সে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জমা হয়।





