বোয়ালখালীতে সিএনজির ভাড়া নির্ধারণ

বোয়ালখালীতে সিএনজির ভাড়া নির্ধারণ
শিক্ষার্থীদের হাফ ভাড়া, ২১ সেপ্টেম্বর থেকে ভাড়ার চার্ট না থাকলে ব্যবস্থা

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি অটোরিকশার ভাড়া, যাত্রীসেবা ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় যাত্রীদের স্বার্থ, চালক ও মালিকদের ন্যায্যতা এবং পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক সভাপতিত্ব করেন। এতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানার অফিসার ইনচার্জ (ওসি), মালিক পরিবহন সমিতির নেতৃবৃন্দ, যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সিএনজি চালক ও সাধারণ যাত্রীরা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, সিএনজিতে যাত্রী উঠানামার ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ইউএনও কার্যালয় থেকে ফুলতলা পর্যন্ত ভাড়াও ৫ টাকা নির্ধারণ করা হয়।

স্কুল, কলেজ ও মাদ্রাসা চলাকালীন সময়ে ইউনিফর্ম পরিহিত অথবা বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া গ্রহণ করতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া প্রতিটি সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার চার্ট দৃশ্যমান স্থানে প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে সকল সিএনজিতে ভাড়ার চার্ট লাগানো নিশ্চিত করতে বলা হয়েছে। ২১ সেপ্টেম্বর থেকে ভাড়ার চার্ট না থাকা গাড়ির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় সিএনজি চালকদের নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় না করা এবং যাত্রীদের সঙ্গে শালীন, ভদ্র ও দায়িত্বশীল আচরণ করার নির্দেশনা দেওয়া হয়।

নির্ধারিত ভাড়া ও সভায় গৃহীত সিদ্ধান্তগুলো চালক ও যাত্রীদের মধ্যে প্রচারের জন্য মালিক পরিবহন সমিতি ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ করা হয়েছে।

সভায় আরও বলা হয়, যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা নির্ধারিত সিদ্ধান্ত অমান্যের অভিযোগ গেলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সভায় উপস্থিত সকল পক্ষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যাত্রীবান্ধব, সুশৃঙ্খল ও নিরাপদ সিএনজি পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email