
বোয়ালখালীতে হাম-রুবেলার (এম.আর.) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
বোয়ালখালী উপজেলা প্রতিনিধি (চট্টগ্রাম): বোয়ালখালীতে হাম-রুবেলার (এম.আর.) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় বোয়ালখালী পৌরসভার সন্দ্বীপ পাড়া গোমদণ্ডী তাজেদিয়া জয়তুন নেছা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে হাম-রুবেলা টিকাদান (এম.আর.) ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। তিনি উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক সার্জারি কনসালটেন্ট ডা. স্বরূপানন্দ চক্রবর্তী, মেডিসিন কনসালটেন্ট ডা. সৌরভ সরকার, স্কিন কনসালটেন্ট ডা. রাজশ্রী, শিশু বিশেষজ্ঞ ডা. শান্তা, ডা. রানা, মেডিকেল অফিসার ডা. মাসুদ, ডা. তোফায়েল, ডা. আবরার ও ডা. শাহজালাল।

এতে অন্যান্যের মধ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসেবে দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো: শওকত আলম, বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটির সদস্য সচিব আবু আকতার, মাদ্রাসার প্রধান শিক্ষক ও সচিব মাওলানা আহমদুল হকসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত কেন্দ্রে আজ ১০৮ জন বাচ্চাকে টিকা দেয়া হয়। বোয়ালখালীতে ৬ মাস হতে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী মোট শিশু টিকা পাবে প্রায় ২৪,৪৫৫ জন। মোট ২৪০ টি অস্থায়ী ও ১ টি স্থায়ী টিকাদানকেন্দ্রে (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) এ টিকাদান কার্যক্রম চলমান থাকবে ১০ মে পর্যন্ত।
আগে টিকা পাক বা না পাক প্রতিটি শিশু এবার টিকা পাবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর এলাকাবাসীর মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে বোয়ালখালীবাসীকে উদ্বুদ্ধ করতে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক প্রথমে নিজের ৩ বছর ৩ মাস বয়সী বাচ্চাকে টিকা দিয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এলাকাবাসীকে সচেতন করার জন্য ইউএনও মহোদয়ের এমন উদ্যোগকে অনুপ্রেরণাদায়ক ও উৎসাহব্যঞ্জক বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।





