
বোয়ালখালীতে টেম্পু ও অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত
বোয়ালখালী প্রতিনিধি (চট্টগ্রাম) :
চট্টগ্রামস্থ বোয়ালখালীর কানুনগোপাড়া সড়কে সিএনজি টেম্পু ও অটোরিকশার সংঘর্ষে সিরাজুল ইসলাম (৬৭) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কানুনগোপাড়া কলেজ রোডের ছিপাতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সিরাজুল ইসলাম উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রামের ফজল আহমদের ছেলে।
আহতের ভাই সাংবাদিক মুজাহিদুল ইসলাম জানান, সকালে শহরে যাওয়ার পথে কানুনগোপাড়া সড়কে টেম্পু ও অটোরিকশার সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এতে তার হাত-পা ভেঙে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।





