
মজুরি দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তির শপথ নিতে হবে
বোয়ালখালীতে কমিউনিস্ট পার্টির মে দিবসের সভায় বক্তারা
আলমগীর রানা, বোয়ালখালী প্রতিনিধি :
“সরকার আসে সরকার যায়, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় না” মন্তব্য করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নেতারা বলেছেন, মে দিবস হলো শ্রমিক শ্রেণির উৎসব ও সংগ্রামের দিন। মজুরি দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তির শপথ নেবার দিন।
শুক্রবার (১ মে) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা কমিটির উদ্যোগে পার্টি কার্যালয়ে
অনুষ্ঠিত মহান মে দিবসের আলোচনা সভায় পার্টির নেতৃবৃন্দ এসব কথা বলেন।
উপজেলা কমিটির সভাপতি কমরেড জামাল আবদুল নাসেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড সেহাবউদ্দিন সাইফুর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন সিপিবি দক্ষিণ জেলা কমিটির সভাপতি কমরেড কানাই দাশ।
বক্তব্য রাখেন মোহাম্মদ আলী, মহিব উল্লাহ খান, মৃত্যুঞ্জয় দাশ, শ্যামল বিশ্বাস, শৈবাল আদিত্য, কাজল বড়ুয়া, অনুপম বড়ুয়া, সুকান্ত শীল প্রমুখ।
বক্তারা বলেন- বাংলাদেশের শ্রমিক শ্রেণির সংগ্রামের ঐতিহ্যবাহী পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবারের মে দিবসে ন্যূনতম মজুরী ৩০,০০০ টাকা আদায়ের সংগ্রামের শপথ নিচ্ছে। গার্মেন্টস কর্মীদের মানবেতর জীবন যাপন থেকে বাঁচাতে, সব সেক্টরের শ্রমিকদের নিয়ে বিপ্লবী ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তোলার জন্য মে দিবসে শপথ নেয়ার আহ্বান জানাচ্ছে। সভা শেষে লাল পতাকার একটি মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।





