
আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী হবেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বদরুচ মেহের
বোয়ালখালী প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সফল সহ-সভাপতি ও সাবেক বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব বদরুচ মেহের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বোয়ালখালী উপজেলার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন এবং স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন মাহমুদুল হক মেম্বার, ইকবাল হোসেন, গিয়াসউদ্দিন, ফাইয়াজ মেহের মিম, মহিউদ্দিন ও জানে আলম। এছাড়া উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের, প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুজাহিদুল ইসলাম, সাবেক সভাপতি এম এ মান্নান ও সাংবাদিক সিরাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ ইউসুফ।
আলহাজ্ব বদরুচ মেহের তাঁর রাজনৈতিক ও জনপ্রতিনিধিত্বমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ১৯৯২ সালে তিনি প্রথমবারের মতো ৩নং পূর্ব গোমদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে টানা তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় ১৭ বছর দায়িত্ব পালন করেন। চেয়ারম্যান থাকাকালে ২০০৫ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়ে গোল্ড মেডেল অর্জন করেন।
তিনি আরও বলেন, ২০০৯ সালের জানুয়ারিতে বোয়ালখালী উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন এবং ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। দীর্ঘ জনপ্রতিনিধিত্বের সময়ে তিনি কখনো বেতন-ভাতা গ্রহণ করেননি এবং সরকারি অর্থে ব্যক্তিগত কোনো সুবিধাও ভোগ করেননি বলে দাবি করেন। এমনকি চেয়ারম্যান কার্যালয়ের বিভিন্ন ব্যয়ও তিনি ব্যক্তিগতভাবে বহন করেছেন বলে উল্লেখ করেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁর রাজনৈতিক শক্তি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, দলীয়ভাবে মনোনয়ন লাভে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে সমর্থকদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা করবেন।
সভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা আলহাজ্ব বদরুচ মেহেরের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সততা ও জনসম্পৃক্ত নেতৃত্বের প্রশংসা করেন এবং আসন্ন নির্বাচনে তাঁকে সমর্থনের প্রত্যয় ব্যক্ত করেন।





